চকরিয়ার বিভিন্ন ইউনিয়নে রাতব্যাপী অভিযানে অনলাইন জুয়াড়ি, পরোয়ানাভুক্ত আসামি ও অপরাধচক্রের সদস্যদের আটক
চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: অনলাইন জুয়া, ডাকাতির প্রস্তুতি ও বিভিন্ন অপরাধে জড়িত ৯ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৬:৪৯:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া, ডাকাতির প্রস্তুতি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ।
(৭ জুন) রাতে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন এবং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে অনলাইন জুয়া আইনের মামলায় ২ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ১ জন, আদালতের পরোয়ানাভুক্ত ৪ জন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— আজিজ (২৬), পিতা মৃত নুরুল আলম, পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড; মো. হেলাল উদ্দিন (২২), পিতা আব্দুর রহমান, চরপাড়া; মো. সরওয়ার আলম (৪০), পিতা মৃত নুরুল আলম, বাশঘাটা; মো. আনিছুর রহমান, পিতা মৃত নুরুল আলম, অল্যার বাপের পাড়া; আব্দুল কুদ্দুস, পিতা মৃত হাবিবুর রহমান, সেকান্দরপাড়া; জাফর আলম, পিতা মোহাম্মদ কালু, কাকারা ইউনিয়নের এসএমচর; আবুল হাসেম, পিতা বুজুর আহম্মদ, হারবাং স্টেশনপাড়া; জাহিদ হাসান (২৫), পিতা মৃত নুরুল হাকিম এবং মো. রবিউল হাসান (২৬), পিতা মো. বাবুল, উভয়েই পূর্ব বড় ভেওলার সিকদারপাড়া এলাকার বাসিন্দা।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, চকরিয়া থানার আওতাধীন এলাকায় সক্রিয় বিভিন্ন অপরাধচক্র, পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, অনলাইন জুয়াড়ি, মৎস্য ঘের ও ঘোনা দখলকারী, ভবঘুরে এবং ভাসমান বখাটেদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হবে। অপরাধ দমনে জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
স্থানীয়রা পুলিশের এ অভিযানের প্রশংসা করে বলেন, চকরিয়ায় অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান আরও জোরদার করা প্রয়োজন।














