মায়ের আবেদনেই মাদকাসক্ত ছেলে পেল ৯ মাসের কারাদণ্ড, পরিবার-সমাজের নিরাপত্তা নিশ্চিত
বাঁশখালীতে মাদকাসক্ত যুবক পেল ৯ মাসের কারাদণ্ড, মায়ের আবেদনেই প্রশাসনের কঠোর পদক্ষেপ
- আপডেট সময় : ০২:২৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ১৪২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর এলাকায় মাদকাসক্ত এক যুবককে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন ধরে পরিবারের উপর নির্যাতন, বাড়িঘর ভাঙচুর এবং এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মো. শহীদুল্লাহ (১৯) নামের যুবককে দণ্ডিত করা হয়।
ঘটনার সবচেয়ে হৃদয়বিদারক অংশ হলো অভিযুক্তের মা মর্তুজা বেগম নিজেই প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। তিনি আদালতকে জানান, তার ছেলে নিয়মিত চুরি ও বাড়িতে ভাঙচুর চালিয়ে পরিবারের জন্য আতঙ্ক সৃষ্টি করত। স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, যুবকটি মাদকাসক্ত অবস্থায় এলাকার মানুষের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করত।
শীলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ নূরী বলেন, “মাদকাসক্তির কারণে যুবকটি পরিবারের পাশাপাশি সমাজের জন্যও সমস্যা সৃষ্টি করছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাকে আইনের আওতায় আনা হয়েছে।”
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন জানান, অভিযোগ, সাক্ষ্য-প্রমাণ এবং অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে শহীদুল্লাহকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ৯ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করেন, আইন প্রয়োগের পাশাপাশি পরিবার ও সমাজের সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব। মর্তুজা বেগমের দায়িত্বশীলতার পদক্ষেপ সমাজের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।














