সিলেট মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে নির্দেশনা, সফলতার স্বীকৃতিস্বরূপ ১৪ সদস্যকে সম্মাননা
সিলেট এসএমপির ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত, ১৪ সদস্যকে বিশেষ পুরস্কার প্রদান
- আপডেট সময় : ০৪:৩৯:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

সিলেট | ০৭ জুন ২০২৬ : সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ জুন) সকাল ৭টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
সভায় ট্রাফিক বিভাগের বিভিন্ন পর্যায়ের সদস্যরা তাদের পেশাগত ও কল্যাণসংক্রান্ত বিষয়গুলো তুলে ধরেন। পুলিশ কমিশনার মনোযোগ সহকারে সকলের বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিকভাবে বিভিন্ন সমস্যার সমাধান প্রদান করেন। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পুলিশ কমিশনার বলেন, সিলেট মহানগরের যানজট নিরসন, জনদুর্ভোগ হ্রাস এবং নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের সদস্যদের আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সভায় যানবাহন নিয়ন্ত্রণ, সড়ক শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং বিভিন্ন উদ্ধার কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার মোট ১৪ জন সদস্যকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিকের অতিরিক্ত দায়িত্বে ডিসি-সদর) সুদীপ্ত রায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং ট্রাফিক বিভাগের সকল টিআই, সার্জেন্ট, টিএসআই, এএসআই, এটিএসআই ও অন্যান্য সদস্যবৃন্দ।
কল্যাণ সভার মাধ্যমে ট্রাফিক বিভাগের সদস্যদের মনোবল বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।














