বিশেষ অভিযানে গাঁজা বিক্রির নগদ অর্থও জব্দ; মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা পুলিশের
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৮ কেজি ভারতীয় গাঁজাসহ যুবক গ্রেফতার, নগদ ৮ হাজার টাকা জব্দ
- আপডেট সময় : ০৯:১৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ১০২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম |০৬ জুন ২০২৬ : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ৮ কেজি ভারতীয় গাঁজাসহ জসিম (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় তার কাছ থেকে গাঁজা বিক্রির নগদ ৮ হাজার টাকাও জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,গতকাল শুক্রবার (৫ জুন) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং এসআই জাহিদুল ইসলাম-এর নেতৃত্বে উপজেলার সীমান্তবর্তী পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সুজন আলীর বাড়ির পেছনে কাঠখড়ির ঘরে রাখা একটি পরিত্যক্ত চালের ড্রাম তল্লাশি করে বিশেষ কৌশলে সংরক্ষিত ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজার পাহারার দায়িত্বে থাকা জসিমকে আটক করা হয়। তিনি উপজেলার পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকার কথিত মাদক ব্যবসায়ী সুজা মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।
ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।”
তিনি আরও বলেন, “ভুরুঙ্গামারী উপজেলার তিন দিক ভারতীয় সীমান্তঘেঁষা হওয়ায় এখানে মাদক চোরাচালানের প্রবণতা তুলনামূলক বেশি। মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি স্থানীয় জনগণকে মাদকবিরোধী কার্যক্রমে আরও সচেতন ও সোচ্চার হতে হবে।”
পুলিশ জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও মাদক ব্যবসা প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।














