কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় ৪টি গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
- আপডেট সময় : ০৩:০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

কালিয়াকৈর, গাজীপুর | ৩ জুন ২০২৬ : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৭ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে চারটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও গ্রামীণ অবকাঠামো শক্তিশালী করতে এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
বুধবার (৩ জুন) সকালে উপজেলার মৌচাক ইউনিয়নের আড়াবাড়ি এলাকায় আনুষ্ঠানিকভাবে এসব সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান।
কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ূন কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মজিবুর রহমান বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। নির্মাণ কাজে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, গাজীপুর পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ফুলবাড়ীয়া ইউনিয়নের মাজিদচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়-গোয়ালবাইদ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। ১ দশমিক ৪৬০ কিলোমিটার দীর্ঘ এ সড়কের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা।এছাড়া বৃহত্তর ঢাকা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় মৌচাক ইউনিয়নের এনএইচডব্লিউ সামসুদ্দিন স্পিনিং মিলস থেকে কাসিমপুর ইউনিয়ন সীমান্ত পর্যন্ত ভায়া ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ১ দশমিক ১৬০ কিলোমিটার দীর্ঘ এ সড়কের চুক্তিমূল্য ১ কোটি ৫৯ লাখ টাকা।
একই সঙ্গে মধ্যপাড়া ইউনিয়নের বারেক মার্কেট-শৈলাখালী ভায়া কুশলনাথ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ১ দশমিক ৫০০ কিলোমিটার দীর্ঘ এ সড়কের নির্মাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৮০ লাখ টাকা।
ফুলবাড়ীয়া ইউনিয়নের আরএন্ডএইচ কে, এন বি পাড়া-বাশাকৈর জিপিএস ভায়া জাবেদ আলী উচ্চ বিদ্যালয় সড়ক উন্নয়ন কাজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ১ কিলোমিটার দীর্ঘ এ সড়কের চুক্তিমূল্য ১ কোটি ১৯ লাখ টাকা।
প্রকৌশল অধিদপ্তর জানায়, চারটি সড়কের মোট দৈর্ঘ্য ৫ দশমিক ১২০ কিলোমিটার এবং সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং স্থানীয় জনগণের যাতায়াত ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এইচ.এম. ফখরুল হোসাইন, উপজেলা প্রকৌশলী মাকসুদুর রহমান মিন্টু, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনম ইব্রাহিম, মৌচাক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।














