নতুন ব্রিজ এলাকায় মোটরসাইকেলকে ধাক্কা দেয় দ্রুতগামী পিকআপভ্যান, ঘটনাস্থলে বাবা নিহত ও হাসপাতালে ছেলের মৃত্যু
কর্ণফুলীতে পিকআপভ্যানের ধাক্কায় স্কুল শিক্ষক ও তাঁর বাবা নিহত, এলাকায় শোকের ছায়া
- আপডেট সময় : ০৫:০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ১২১ বার পড়া হয়েছে

কর্ণফুলী, চট্টগ্রাম | ২ জুন ২০২৬:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুল শিক্ষক ও তাঁর বাবা নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) সকাল ৮টার দিকে কর্ণফুলী নতুন ব্রিজের প্রথম সিঁড়ি এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের শিক্ষক বিধান মল্লিক (৪৭) এবং তাঁর বাবা দুর্গাপদ মল্লিক (৭৫)। তাঁদের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে নতুন ব্রিজ এলাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন বাবা-ছেলে। পথিমধ্যে নতুন ব্রিজের প্রথম সিঁড়ি এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী পিকআপভ্যান তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুর্গাপদ মল্লিক নিহত হন। গুরুতর আহত অবস্থায় বিধান মল্লিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ আবু সাঈদ বাকের জানান, দুর্ঘটনার পর ঘাতক পিকআপভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে পিকআপভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ টিম কাজ করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, জনপ্রিয় শিক্ষক বিধান মল্লিকের অকাল মৃত্যুতে দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী এবং স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একই ঘটনায় বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের মাতম বিরাজ করছে।














