নদীভাঙন, বন্যা, শিক্ষা ও চিকিৎসা সংকট নিরসনে ৭ দফা দাবি; চরাঞ্চলের উন্নয়নে স্বতন্ত্র মন্ত্রণালয়ের আহ্বান
কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবি, সংবাদ সম্মেলনে চরবাসীর ৭ দফা দাবি উত্থাপন
- আপডেট সময় : ১১:০১:২২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম | ১ জুন ২০২৬ : দেশের চরাঞ্চলে বসবাসরত মানুষের জীবনমান উন্নয়ন, মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে চর বিষয়ক পৃথক মন্ত্রণালয় ও বিশেষ বাজেট বরাদ্দের দাবি জানিয়েছে কুড়িগ্রামের চরবাসী। এ দাবিতে সোমবার (১ জুন) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ, নদীভাঙন, বন্যা, খরা, শিক্ষা ও চিকিৎসাসহ নানা সমস্যার চিত্র তুলে ধরা হয়। বক্তারা বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতায় চরাঞ্চলের মানুষ এখনো পিছিয়ে রয়েছে। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগের অভাবে চরবাসীরা প্রতিনিয়ত মানবেতর জীবনযাপন করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগী চরবাসীরা আবেগাপ্লুত হয়ে তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ, নদীভাঙন ও অর্থনৈতিক সংকটের কারণে চরাঞ্চলের মানুষের জীবন অনিশ্চয়তায় ভরা। ঈদসহ বিভিন্ন উৎসবেও তারা স্বাভাবিক জীবনযাপনের সুযোগ থেকে বঞ্চিত হন।
চরবাসীদের দাবি, দেশে প্রায় দুই কোটিরও বেশি মানুষ চরাঞ্চলে বসবাস করে। অথচ তাদের উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে কোনো স্বতন্ত্র মন্ত্রণালয় বা বিশেষ বাজেট নেই। তাই চরাঞ্চলের উন্নয়নে পৃথক ‘চর বিষয়ক মন্ত্রণালয়’ গঠন এবং জাতীয় বাজেটে চরবাসীদের জন্য বিশেষ বরাদ্দ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, “কুড়িগ্রাম জেলার অসংখ্য পরিবার চরাঞ্চলে বসবাস করে। আমরা বিভিন্ন চর এলাকায় গিয়ে দেখেছি প্রায় সব জায়গায় একই ধরনের সমস্যা বিরাজ করছে। চরবাসীদের হয়ে কার্যকরভাবে কথা বলার মতো কোনো প্ল্যাটফর্ম নেই। তাই তাদের ন্যায্য অধিকার আদায়ে আমরা ৭ দফা দাবি উত্থাপন করেছি।”
তিনি আরও বলেন, “দেশের অন্যান্য নাগরিকের মতো চরবাসীদেরও সমান অধিকার রয়েছে। তাদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ বসবাস ও জীবিকার সুযোগ নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ খাজা শরীফ উদ্দীন রিন্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইদ আহমেদ বাবু, নারী ও শিশু বিষয়ক সম্পাদক অধ্যাপক নাজমুন নাহারসহ সংগঠনের নেতৃবৃন্দ।
চরবাসীদের দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং চরাঞ্চলের টেকসই উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।














