নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা ও দুটি বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধকোটি টাকার ক্ষতির দাবি
- আপডেট সময় : ০৬:৩৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
নরসিংদীর শিবপুরে একটি প্লাস্টিক কারখানা ও দুটি বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ঈদের ছুটিতে বন্ধ থাকা কারখানায় আগুনের কারণ খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

নরসিংদী | ৩১ মে ২০২৬ : নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর এলাকায় একটি প্লাস্টিক কারখানা ও দুটি বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুনে কারখানার বিপুল পরিমাণ প্লাস্টিক পণ্য, যন্ত্রপাতি ও বসতঘরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও কারখানা মালিক দাবি করেছেন, তার প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।
রবিবার (৩১ মে) ভোররাত প্রায় ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শিবপুর উপজেলার কারারচর এলাকায় সুলতানা ফিলিং স্টেশনের সামনে অবস্থিত ‘ভাই ভাই প্লাস্টিক’ কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদুল আজহার ছুটির কারণে কারখানাটি বন্ধ ছিল এবং সেখানে কোনো শ্রমিক বা কর্মচারী অবস্থান করছিলেন না। হঠাৎ করে কারখানায় আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন চিৎকার করে স্থানীয়দের সতর্ক করেন এবং দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।
খবর পেয়ে নরসিংদী সদর ও শিবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে কারখানার ভেতরে থাকা প্লাস্টিকজাত বিভিন্ন পণ্য, কাঁচামাল এবং সংলগ্ন দুটি টিনশেড বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়।
কারখানার মালিক মো. মোস্তফা মিয়া জানান, তিনি শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর গুপ্তপাড়া এলাকার বাসিন্দা। ঈদের ছুটির কারণে কারখানাটি বন্ধ ছিল। কারখানার পাশেই তার দুটি টিনশেড বসতঘর ছিল, যেখানে ঘটনাকালে কেউ অবস্থান করছিল না।
তিনি বলেন, “ভোররাতে খবর পাই আমার কারখানা ও ঘরে আগুন লেগেছে। ঘটনাস্থলে এসে দেখি সবকিছু পুড়ে গেছে। এতে আমার প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। আমার ধারণা, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন দিয়েছে। আমি এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছি।”
শিবপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম উৎপল জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে। আগুনের প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
শিবপুর মডেল থানার এসআই কামরুজ্জামান বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগার কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।













