মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে খলিলপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের ব্যতিক্রমী ক্রীড়া আয়োজন
হরিরামপুরে জমকালো আয়োজনে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন মিজান একাদশ
- আপডেট সময় : ১০:৪২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে

“মাদকে না বল, মাদক ছেড়ে খেলতে চল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার খলিলপুর গ্রামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬।
পবিত্র ঈদুল আজহার পরদিন শুক্রবার (৩০ মে) ঈদপরবর্তী কর্মসূচির অংশ হিসেবে খলিলপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে এবং স্থানীয় গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় খলিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। উৎসবমুখর ও নান্দনিক পরিবেশে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টে এলাকার ক্রীড়াপ্রেমী তরুণদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খলিলপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. সাব্বির হোসেন। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতির দাপ্তরিক উপদেষ্টা মো. সাকিব বিশ্বাস এবং সাধারণ সম্পাদকের দাপ্তরিক উপদেষ্টা মো. রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. রাজিব হোসেন, সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ওবায়দুল্লাহসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য (দাতা) মো. সাত্তার বিশ্বাস হিমু, মো. রবিন বিশ্বাস এবং রুবেল খান। তারা যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিযোগিতার ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে মিজান একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে রুবেল একাদশ রানারআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।
খলিলপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, স্থানীয় জনগণের আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফল ও প্রাণবন্ত হয়েছে। আগামী দিনগুলোতেও সমাজকে মাদকমুক্ত রাখতে এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ধারাবাহিকভাবে এমন আয়োজন অব্যাহত থাকবে।














