ঈদুল আযহা উপলক্ষে তিন দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিচ্ছে জেলার ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান
জয়পুরহাট চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন, ৮ দলের অংশগ্রহণ
- আপডেট সময় : ০৩:৩৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে

জয়পুরহাট | ২৯ মে ২০২৬: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাটে তিন দিনব্যাপী “জয়পুরহাট চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬” এর জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মে) সকাল ৯টায় জয়পুরহাট শহরের তেঘর উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৬ আয়োজক কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক মোঃ গোলজার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসক ও বিএনপি জয়পুরহাট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জজ কোর্টের জিপি অ্যাডভোকেট মো. ছালামত আলী, জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান সুইট, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুল আলিম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু, বিএনপি নেতা আলী হাসান মুক্তা, জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, ক্রীড়া সংগঠক সুব্বা সহ স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ।
উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে জয়পুরহাট তেঘর উচ্চ বিদ্যালয় ও খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় ক্রিকেট দল। খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শক ও ক্রীড়াপ্রেমীরা।
টুর্নামেন্টে জেলার ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রিকেট দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো— জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল এমএ মডেল মাদ্রাসা, ভাদসা স্কুল, কেজি স্কুল, তেঘর স্কুল, খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়, মাত্রাই উচ্চ বিদ্যালয় ও মীরগ্রাম স্কুল।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং ঈদ আনন্দকে আরও প্রাণবন্ত করতে এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দলকে ২৫ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ১৫ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হবে।














