কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহে হাজারো মুসল্লির অংশগ্রহণ, দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত
- আপডেট সময় : ০৪:৩১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

কুমিল্লা | ২৮ মে ২০২৬ : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে জেলার প্রধান ঈদ জামাত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় শুরু হওয়া এই প্রধান ঈদ জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা কারি মো. ইব্রাহিম। ঈদের জামাতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মুসল্লি অংশ নেন।
জেলার সর্ববৃহৎ এই ঈদ জামাতে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক মো. রেজা হাসান, পুলিশ সুপার আনিসুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদ জামাত শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানান। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন তারা।
এ সময় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, “সবার সহযোগিতা পেলে আমরা ৮ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করতে সক্ষম হব।”
পরে ঈদ জামাত শেষে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে মহান আল্লাহর দরবারে দেশের শান্তি, সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য ও বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।
জেলা ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ছাড়াও জেলার ১৭টি উপজেলায় মোট ১ হাজার ৯১২টি মসজিদ এবং ১ হাজার ৫৯৮টি ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।














