আটঘর ইউনিয়নের জনগণকে ঈদ শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজ খান
আটঘর ইউনিয়নের জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাহফুজ খান
- আপডেট সময় : ০৪:৪২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ২৫১ বার পড়া হয়েছে

ফরিদপুর | ২৬ মে ২০২৬ : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুবদলের অন্যতম নেতা মোঃ মাহফুজ খান।
তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আটঘর ইউনিয়নের সাধারণ মানুষের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেন। একই সঙ্গে তিনি ইউনিয়নবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে ঈদের শুভেচ্ছা বার্তা প্রদান করেন।
জানা যায়, মোঃ মাহফুজ খান ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে ২০১৩ সালে মাস্টার্স (এমএ) সম্পন্ন করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এলাকায় তিনি একজন পরিচ্ছন্ন ও ত্যাগী রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত ১৭ বছর ধরে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেন মাহফুজ খান। স্বৈরাচারবিরোধী আন্দোলন, রাজনৈতিক কর্মসূচি এবং জুলাই বিপ্লবের সময় রাজপথে সক্রিয় ভূমিকা পালন করায় তিনি মামলা, হামলা ও নানা হয়রানির শিকার হন। এরপরও তিনি জনগণের অধিকার আদায়ে কাজ চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেন।
মোঃ মাহফুজ খান বলেন, “আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। আমি শাসক হতে চাই না, জনগণের সেবক হতে চাই। জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আটঘর ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “শিক্ষার মানোন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে সঠিক পথে পরিচালনা এবং এলাকার রাস্তা-ঘাট সংস্কার আমার অগ্রাধিকার। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই।”
এলাকাবাসীর মতে, সামাজিক কর্মকাণ্ড, যুবসমাজকে সচেতন করা এবং উন্নয়নমূলক চিন্তাভাবনার কারণে মাহফুজ খানের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি নিয়মিত এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে অনলাইনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে থাকেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তিনি ইতোমধ্যে গণসংযোগ ও প্রস্তুতি শুরু করেছেন বলেও জানা গেছে।














