দুই দিনব্যাপী ক্রীড়া, সংস্কৃতি, কুইজ ও কাবিংয়ে প্রাণবন্ত অংশগ্রহণ
রাণীশংকৈলে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: ক্রীড়া-সংস্কৃতিতে মুখর মীরডাঙ্গী স্কুল মাঠ, অংশ নেয় ২০ বিদ্যালয়
- আপডেট সময় : ১১:০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

রাণীশংকৈল, ঠাকুরগাঁও | ২০ মে ২০২৬ :
রাণীশংকৈল উপজেলার ৮নং নন্দুয়ার ইউনিয়নে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর ইউনিয়ন পর্যায়ের দুই দিনব্যাপী প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ও বুধবার (১৯–২০ মে) মীরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতা শিশুদের ক্রীড়া, সংস্কৃতি ও বিষয়ভিত্তিক প্রতিভা বিকাশের প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়।
ইউনিয়নের ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রীড়া, সাংস্কৃতিক পরিবেশনা, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিংসহ নানা ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। পুরো মাঠজুড়ে ছিল আনন্দ-উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য।
সমাপনী দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার আমিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আজিজার রহমান, মীরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা আক্তারী, ইউপি সদস্য ফয়জুল ইসলাম, প্রধান শিক্ষক জুলফিকার আলি ভুট্টো, শরীফ আহম্মেদ, মো. আব্দুর রাকিবসহ অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক সামীমা নাছরিন, আহসান হাবিব, আঁখি লিলি, সাবেরা কামাল, রেবেকা সুলতানা, জিয়াউর রহমান জিয়া, শাহানাজ পারভিন, লাভলী আক্তার, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মোশারফ হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাথমিক পর্যায়ে এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিশুদের আত্মবিশ্বাসী, সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলে।
শেষপর্বে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার হাতে শিশুদের উচ্ছ্বাস এবং অভিভাবকদের আনন্দঘন উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও স্মরণীয়।














