টাইপালং হত্যাকাণ্ডকে ঘিরে নির্দোষদের আসামি করার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
উখিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির মানববন্ধন, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
- আপডেট সময় : ০৯:১৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

কক্সবাজার, উখিয়া | ২০ মে ২০২৬ : উখিয়া উপজেলার টাইপালং এলাকায় ঘটে যাওয়া একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা’ দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (১৯ মে) বিকেল ৪টায় উখিয়া স্টেশন চত্বরে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী
(বিএনপি) উখিয়া উপজেলা ও এর অঙ্গসংগঠনসমূহ।
মানববন্ধন শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ নুরুল ইসলাম সিকদার (প্রকাশ সালাম সিকদার)। তিনি অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্দোষ ব্যক্তিদের আসামি করা হয়েছে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন উখিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মানিক, যুবদলের আহ্বায়ক সাইফুল সিকদার, কৃষক দলের নেতা আবুল হাসান আলী, যুবদলের নেতা আক্তার সিকদার, হাজেরা তজু ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নেতা জিহাদুল হক সিকদার এবং ভুক্তভোগী মিজানুর রহমান সিকদারের ছোট বোন পারভীন আক্তারসহ অনেকে।
বক্তারা দাবি করেন, একটি বিশেষ মহল রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে নিষিদ্ধ সংগঠনের কিছু নেতা ও বাংলাদেশ জামায়তে ইসলামি এবং কথিত এনসি জোটের মদদে এই মামলা দায়ের করেছে। তারা অবিলম্বে মিথ্যা মামলা থেকে নির্দোষ ব্যক্তিদের নাম প্রত্যাহারের দাবি জানান।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা না নিলে উখিয়ায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।














