জিও ব্যাগ ডাম্পিংয়ে পাইলিং না থাকায় অসন্তোষ, পাউবোকে সিডিউল মেনে কাজের নির্দেশ
- আপডেট সময় : ০৯:২৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

আশাশুনি, সাতক্ষীরা | ১৯ মে ২০২৬: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজার সংলগ্ন মরিচ্চাপ নদীর বাঁধ ভাঙন এলাকা পরিদর্শন করেছেন জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। মঙ্গলবার বিকালে তিনি ভাঙনকবলিত স্থান ঘুরে দেখেন এবং তাৎক্ষণিক প্রতিরোধমূলক কাজের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে এমপি লক্ষ্য করেন, বালিভর্তি জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমে নির্ধারিত পাইলিং ছাড়া কাজ করা হচ্ছে। বিষয়টি দেখে তিনি বিস্ময় প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড–এর নির্বাহী প্রকৌশলী-২ আ. রহমান তাজকিয়ার সঙ্গে মোবাইলে কথা বলে সিডিউল অনুযায়ী পাইলিংসহ কাজ সম্পন্ন করার তাগিদ দেন।
পরে গোয়ালডাঙ্গা বাজারে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এজেন্ট আউটলেট (১৪৩/০৬) শাখা কার্যালয়ে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। গোয়ালডাঙ্গা বাজার কমিটির সভাপতি মহিউদ্দীন ফকিরের সভাপতিত্বে এবং এজেন্ট আউটলেট ব্যবস্থাপক মো. আ. ওয়াজেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি রবিউল বাশার।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও সাতক্ষীরা শাখা ব্যবস্থাপক নুরুজ্জামান হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আয়নাল হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গোয়ালডাঙ্গা ফকিরবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল, মিত্র তেঁতুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এ. আবু সাদেক, ইউপি চেয়ারম্যান প্রার্থী আ. গফুর সানা, বিশিষ্ট ব্যবসায়ী ও আশাশুনি প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক শরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা নদী ভাঙন রোধে দ্রুত ও টেকসই ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গ্রামীণ ব্যাংকিং সেবা সম্প্রসারণে ইসলামী ব্যাংকের ভূমিকার প্রশংসা করেন।














