সরকারি গ্রেড অনুযায়ী বেতন-ভাতা ও চাকরি স্থায়িত্বের দাবিতে ইউএনও’র মাধ্যমে স্মারকলিপি প্রেরণ
রাণীশংকৈলে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক-কর্মচারীদের রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি
- আপডেট সময় : ০৩:০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে

রাণীশংকৈল, ঠাকুরগাঁও | ১৮ মে ২০২৬ :
ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকার ও সংশ্লিষ্ট জনবলকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদানের দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাতেজা বেগমের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে এ স্মারকলিপি প্রেরণ করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত শিক্ষক ও কর্মচারীরা অতি স্বল্প সম্মানীতে দায়িত্ব পালন করে আসছেন। দেশের প্রান্তিক পর্যায়ে শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় তারা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাই তাদের চাকরি স্থায়ী করে রাজস্ব খাতে স্থানান্তরের মাধ্যমে সরকারি গ্রেড অনুযায়ী বেতন-ভাতা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন রাণীশংকৈল উপজেলা শাখার সভাপতি মো. এনায়েত আলী, সাধারণ সম্পাদক মো. মেরাজুল ইসলাম, সহ-সভাপতি মো. আব্দুল হাকিম, শিক্ষক মিন্টুন রায়হানসহ উপজেলার প্রায় ৫০ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী।
এ সময় শিক্ষকরা বলেন, দীর্ঘদিন ধরে তারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও এখনও তাদের চাকরির কোনো স্থায়িত্ব নেই। দ্রুত দাবি বাস্তবায়ন হলে তারা আরও উৎসাহের সঙ্গে শিক্ষার মানোন্নয়নে কাজ করতে পারবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।














