সাহাপুর ইউনিয়নে পাইলট ভিত্তিতে ফ্যামিলি কার্ড চালু, স্মার্ট কৃষি কার্ডসহ একাধিক জনকল্যাণমূলক উদ্যোগের অগ্রগতি তুলে ধরলেন জেলা প্রশাসক
গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং, ফ্যামিলি কার্ড পাইলট প্রকল্প শুরু
- আপডেট সময় : ০২:৩৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ | ১৩ মে ২০২৬:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের প্রচার কার্যক্রম জোরদারের লক্ষ্যে সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং আয়োজন করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। বুধবার (১৩ মে) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক আরিফ-উজ-জামান সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন। এ সময় নির্বাচনী ইশতেহার বাস্তবায়নসংক্রান্ত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাইলট প্রকল্প হিসেবে গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু করা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার তৈরি, সেবাপ্রদান সহজীকরণ এবং লক্ষ্যভিত্তিক সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া ‘স্মার্ট কৃষি কার্ড’ চালু, কৃষিঋণ মওকুফ, খাল খনন ও পুনঃখনন কর্মসূচি, ব্যাপক বৃক্ষরোপণ এবং নারীদের জন্য আলাদা পরিবহন সুবিধা চালুর বিষয়েও কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
গোপালগঞ্জের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়নে জেলায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক। তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।






















