ভুক্তভোগীদের ‘সারভাইভার অ্যাক্টিভিজম’ মানবপাচার রোধে গুরুত্বপূর্ণ—কর্মশালায় বক্তারা
কক্সবাজারে মানবপাচার প্রতিরোধে কর্মশালা, ভুক্তভোগীদের অভিজ্ঞতাই হবে সচেতনতার বড় হাতিয়ার
- আপডেট সময় : ০৯:৫৮:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

উখিয়া, কক্সবাজার | ৬ মে ২০২৬ :
মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে ভুক্তভোগীদের অভিজ্ঞতাকে সবচেয়ে কার্যকর সচেতনতার হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন বক্তারা।
বুধবার (৬ মে) সকালে কক্সবাজার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় এ মন্তব্য করেন বক্তারা। অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ভুক্তভোগীদের বাস্তব অভিজ্ঞতা সমাজে ছড়িয়ে দিলে মানুষ সহজেই সচেতন হবে এবং দালালদের প্রলোভন থেকে দূরে থাকতে পারবে। তিনি বলেন, “একজন ভুক্তভোগীর গল্প যদি একজন মানুষকেও সচেতন করতে পারে, সেটিই আমাদের সফলতা।”
বক্তারা আরও বলেন, মানবপাচার প্রতিরোধে জনসচেতনতা সবচেয়ে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা। বিশেষ করে তরুণ প্রজন্মকে সঠিক তথ্য, দক্ষতা ও নিরাপদ অভিবাসনের ধারণা দেওয়া গেলে তারা প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি কমাতে পারবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. আবুল কাহ্হার। এতে আরও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুলফিকার আলী এবং কক্সবাজার মডেল থানার পরিদর্শক মো. আসাদুর রহমান।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম-এর সেন্টার ম্যানেজার মো. আজিমুল হক-এর সঞ্চালনায় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেপুটি ম্যানেজার মো. শিহাবুল হোসেন।
কর্মশালায় শিক্ষক, গ্রাম পুলিশ, স্বেচ্ছাসেবক এবং মানবপাচারের শিকার বেশ কয়েকজন ব্যক্তি অংশ নিয়ে তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।
উল্লেখ্য, ২০০৬ সাল থেকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সারা দেশে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ ও মানবপাচার প্রতিরোধে কাজ করে আসছে।
কক্সবাজার, উখিয়া, মানবপাচার, ব্র্যাক, নিরাপদ অভিবাসন, সচেতনতা কর্মশালা, Human Trafficking, Migration Program, Bangladesh NGO, Cox’s Bazar News






















