ইজিপিপি প্রকল্পের আওতায় খাল পুনঃখনন, জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বাড়ার আশা
কটিয়াদীতে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন কাজের উদ্বোধন, সেচ সুবিধায় উপকৃত হবে হাজারো কৃষক
- আপডেট সময় : ০৯:৪৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৭২ বার পড়া হয়েছে

কটিয়াদী, কিশোরগঞ্জ | ৬ মে ২০২৬ :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৬ মে) বিকেল ৪টায় উপজেলার জালালপুর-লোহাজুরী ইউনিয়নের মধ্যস্থ সড়কের পাশে অবস্থিত খালটির পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাড. জালাল উদ্দিন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে (ইজিপিপি) প্রকল্পের আওতায় স্থানীয় কৃষি ও কৃষকের উন্নয়নে এই খাল পুনঃখনন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ-এর সভাপতিত্বে এবং ১০নং জালালপুর ইউপি চেয়ারম্যান রফিকুল আলম-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা।
এছাড়াও উপস্থিত ছিলেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খাঁন দিলীপসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সত্তরের দশকের শেষভাগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী খাল খনন কর্মসূচি গ্রহণ করেন। সেই কর্মসূচির অংশ হিসেবে তাঁর উপস্থিতিতে এই খালটি খনন করা হয়েছিল। দীর্ঘদিন সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে যাওয়ায় স্থানীয় কৃষকদের সেচ সংকটে পড়তে হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খালটি পুনঃখনন সম্পন্ন হলে কয়েক হাজার হেক্টর ফসলি জমি সেচ সুবিধার আওতায় আসবে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং জলাবদ্ধতা সমস্যারও সমাধান হবে।
স্থানীয়দের প্রত্যাশা, খালটি পুনরুজ্জীবিত হলে কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।














