চরাঞ্চলের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা, অক্সিজেন-স্ট্রেচারসহ আধুনিক সুবিধা সংযুক্ত
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার চরাঞ্চলে নৌ অ্যাম্বুলেন্স চালু, এমপি নূরুল ইসলাম বুলবুলের নিজস্ব অর্থায়নে উদ্যোগ
- আপডেট সময় : ০৯:৪০:৪১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সদর | ৬ মে ২০২৬ :
চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর চরাঞ্চলের মানুষের চিকিৎসা সংকট নিরসন ও যাতায়াতের ভোগান্তি কমাতে চালু করা হয়েছে নৌ অ্যাম্বুলেন্স সেবা।
বুধবার (৬ মে) বিকেলে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে পদ্মা নদীর তীরে এই নৌ অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।
এই সেবার আওতায় সদর উপজেলার নারায়ণপুর ও আলাতুলি ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের বাসিন্দারা জরুরি চিকিৎসা সুবিধা পাবেন। নৌ অ্যাম্বুলেন্সটিতে প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে অক্সিজেন সিলিন্ডার, হুইলচেয়ার, রোগী বহনের স্ট্রেচার এবং দ্রুত চলাচলের উপযোগী একটি মাঝারি আকারের নৌযান।
স্থানীয়রা জানান, এতদিন চরাঞ্চলের মানুষ চিকিৎসার জন্য মারাত্মক দুর্ভোগের শিকার হতেন। সময়মতো নৌকা না পাওয়া, অতিরিক্ত ভাড়া নেওয়া এবং জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব না হওয়ায় অনেক সময় বিপদের মুখে পড়তে হতো। নতুন এই নৌ অ্যাম্বুলেন্স চালুর ফলে সেই কষ্ট অনেকটাই লাঘব হবে।
জানা গেছে, এই সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। নদী পার হওয়ার পর রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য স্থলপথে অ্যাম্বুলেন্স সুবিধাও রাখা হয়েছে। পুরো কার্যক্রমটি সংসদ সদস্যের নিজস্ব অর্থায়নে পরিচালিত হবে।
এছাড়াও সংশ্লিষ্ট দফতরের সঙ্গে সমন্বয় করে নারায়ণপুর এলাকায় একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবায় অবহেলিত। তাদের কষ্ট লাঘব করা আমাদের দায়িত্ব। এই নৌ অ্যাম্বুলেন্স সেই লক্ষ্য বাস্তবায়নের একটি অংশ। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন সাবেক এমপি লতিফুর রহমান, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানি, সদর আমীর হাফেজ আব্দুল আলিমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।






















