শশীদল সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ শাড়ি জব্দ, কেউ আটক হয়নি
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযানে ১ কোটি ৭০ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি উদ্ধার
- আপডেট সময় : ০৭:৫২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে

কুমিল্লা | ৫ মে ২০২৬ : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৪ মে) সকালে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হলেও চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধার হওয়া এসব পণ্য পরবর্তী আইনগত কার্যক্রম শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






















