বিতর্কিত অভিযোগের প্রেক্ষিতে নতুন স্বাস্থ্য কর্মকর্তার পদায়ন নিয়ে জনমনে ক্ষোভ, বাতিলের দাবি জোরালো
লোহাগাড়ায় স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগ নিয়ে সমালোচনা, মানববন্ধনে উত্তাল জনতা
- আপডেট সময় : ০৯:৪২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৯১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. আবদুল্লাহ আল ইরফানের পদায়নকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে। তার পদায়ন বাতিলের দাবিতে স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
(৩০ এপ্রিল) বিকেলে উপজেলার ব্যস্ততম বটতলী মোটর স্টেশন এলাকায় ‘লোহাগাড়ার সচেতন নাগরিক পরিষদ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ডা. আবদুল্লাহ আল ইরফানের পদায়নের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, তিনি পূর্বে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত থাকাকালে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সমালোচিত ছিলেন।
তাদের দাবি, হাসপাতালের জন্য বরাদ্দকৃত চিকিৎসা সরঞ্জাম সরবরাহে অনিয়ম, ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ এবং সরকারি অর্থ অপচয়ের একাধিক অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল। এসব অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তদন্ত ও অডিটে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জনমনে ধারণা সৃষ্টি হয়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, প্রভাবশালী মহলের তদবির ও অর্থের প্রভাবে তাকে লোহাগাড়ায় পদায়ন করা হয়েছে। এ ধরনের পদায়ন স্বাস্থ্যসেবায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, লোহাগাড়া উপজেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থা ইতোমধ্যেই নানা সংকটে জর্জরিত। চিকিৎসক সংকট, পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামের অভাব এবং সেবার মান নিয়ে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে। এর মধ্যে বিতর্কিত একজন কর্মকর্তার পদায়ন পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
তারা বলেন, “লোহাগাড়ার মানুষ একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থা চায়। বিতর্কিত কোনো কর্মকর্তা এখানে দায়িত্ব পালন করলে জনস্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”
মানববন্ধন থেকে অবিলম্বে ডা. ইরফানের পদায়ন বাতিল করে যোগ্য, সৎ ও দক্ষ একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলন, বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদানসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জহির উদ্দিন। এতে বক্তব্য রাখেন নুরুল ইসলাম সিকদার, মফিজুর রহমান, শাহাব উদ্দিন ও তামিম মির্জাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
এ ঘটনায় লোহাগাড়াজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সচেতন মহল বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে স্বাস্থ্যসেবার স্বার্থে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।






















