ঈদের আগে ঘটনার অভিযোগ, ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখার চেষ্টা
পটিয়ায় তরমুজের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
- আপডেট সময় : ১১:৪১:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে

পটিয়া, চট্টগ্রাম | ২২ এপ্রিল ২০২৬ :
চট্টগ্রামের পটিয়া উপজেলায় তরমুজ খাওয়ার প্রলোভন দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সোলাইমান (৪২)-এর বিরুদ্ধে পটিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত সোমবার (২০ এপ্রিল) ভুক্তভোগী শিশুর পরিবার পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী পরিবার ও অভিযুক্ত দীর্ঘদিন ধরে পটিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর গৌবিন্দারখীল রেললাইনের পাশে ভাড়া বাসায় পাশাপাশি বসবাস করতেন। এ কারণে দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
ভুক্তভোগীর পিতা জানান, গত ১৯ এপ্রিল বিদ্যুৎ মিটার নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় শিশুটি জানায়, ঈদের তিন দিন আগে (১৭ মার্চ) অভিযুক্ত সোলাইমান তাকে তরমুজ খাওয়ার লোভ দেখিয়ে নিজের ঘরে নিয়ে যায় এবং ধর্ষণ করে। পরে শিশুটিকে ১০ টাকা দিয়ে আইসক্রিম খেতে বলে এবং কাউকে জানালে হত্যার হুমকি দেয়।
শিশুটির মা বলেন, ঈদের দুই দিন পর তার মেয়ে অসুস্থ হয়ে পড়লে অভিযুক্তের স্ত্রী চিকিৎসার জন্য ১ হাজার টাকা দেন। পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া জানান, ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা ও পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়রা দ্রুত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।






















