তিন সপ্তাহব্যাপী ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের টিকা প্রদান
হরিরামপুরে হাম-রুবেলা (MR) টিকাদান কার্যক্রম শুরু: ১৩,৫৯৬ শিশুকে টিকার লক্ষ্য
- আপডেট সময় : ০৯:৩৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ১৪২ বার পড়া হয়েছে

হরিরামপুর, মানিকগঞ্জ | ২১ এপ্রিল ২০২৬:
“আসুন, সময়মতো টিকা নিন—সুস্থ থাকুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুরে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা (MR) টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
২০ এপ্রিল সোমবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী এ.কে.এম রাসেলের উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, তিন সপ্তাহব্যাপী এই টিকাদান কর্মসূচি ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত চলবে। প্রথম সপ্তাহে স্কুলভিত্তিক (কেজি, নার্সারি ও মাদ্রাসা) এবং ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী (৪ বছর ১১ মাস ২৯ দিন পর্যন্ত) শিশুদের টিকা প্রদান করা হবে।
দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে ইউনিয়ন পর্যায়ে ইপিআই-এর অস্থায়ী কেন্দ্রগুলোতে (প্রতি ওয়ার্ডে ৮টি সাব-ব্লক) টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে অফিস সময়ের শেষ পর্যন্ত এ কার্যক্রম চলবে।
এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো মারাত্মক সংক্রামক রোগ হাম ও রুবেলা থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা। এ লক্ষ্যে এমআর (MR) ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, টিকা দেওয়ার সময় কোনো শিশু যদি তীব্র জ্বর বা গুরুতর অসুস্থতায় ভোগে, তাহলে আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) সুশান্ত কুমার হালদার জানান, তিন সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে পর্যায়ক্রমে স্কুল ও ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী এ.কে.এম রাসেল জানান, হরিরামপুর উপজেলায় এই ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩,৫৯৬ জন শিশু। তিনি আরও বলেন, ২০২৬ সালে উপজেলায় ৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে একজনের দেহে হাম পজিটিভ পাওয়া গেছে। বর্তমানে হাসপাতালে এ সংক্রান্ত কোনো রোগী ভর্তি নেই।
তিনি জানান, শিশুদের সুস্থ রাখতে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা সফল করতে অভিভাবকদের সহযোগিতা কামনা করা হয়েছে।














