সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ চলাচলের দাবিতে নাগরিকদের অবস্থান কর্মসূচি
ভাঙ্গা-বরিশাল-আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেনের দাবিতে আমতলীতে ৮ ঘণ্টার গণঅনশন
- আপডেট সময় : ১০:৪৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

আমতলী, বরগুনা, ১৬ এপ্রিল ২০২৬: ভাঙ্গা-বরিশাল-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবিতে বরগুনার আমতলীতে ৮ ঘণ্টাব্যাপী গণঅনশন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমতলী সরকারি এ.কে. স্কুল চৌরাস্তা মোড় এলাকায় ‘আমতলী সচেতন নাগরিক মহল’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণঅনশনে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন সাংবাদিক জাকির হোসেন, মো. মোমেন আকন, গণঅধিকার পরিষদের আমতলী উপজেলা শাখার সভাপতি মো. সাইদুর রহমান, মো. নুহু ফকির, জাকির হোসেন মিরাজ এবং এনসিপির সদস্য মো. ফারদিনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, পদ্মা সেতু চালুর পর ভাঙ্গা-বরিশাল-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু সড়কটি সরু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে, যা জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করছে।
তারা আরও জানান, সড়কটি দ্রুত চার লেনে উন্নীত না করলে ভবিষ্যতে দুর্ঘটনার সংখ্যা আরও বাড়বে। একই সঙ্গে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা কমাতে মহাসড়কে একটি হাইওয়ে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান তারা।
আয়োজক মো. মোমেন আকন বলেন, “এই সড়কটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনায় মানুষ প্রাণ হারাচ্ছে। দ্রুত চার লেনে উন্নীত করা জরুরি।”
সাংবাদিক জাকির হোসেন বলেন, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা কমাতে হাইওয়ে পুলিশ ফাঁড়ি স্থাপন সময়ের দাবি।”














