গোপন সংবাদের ভিত্তিতে খরপা গ্রামে অভিযান, হাতেনাতে আটক
গোমস্তাপুরে ডিএনসি’র অভিযান: ১০০ লিটার ওয়াশ ও চোলাইমদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৮:১৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ, ১২ এপ্রিল ২০২৬: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রবিবার (১২ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি’র একটি দল গোমস্তাপুর থানাধীন পার্বতীপুর ইউনিয়নের খরপা গ্রামে অভিযান চালায়। সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে মাদক তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম শ্রী সমরা (৪৮)। তিনি উপজেলার পার্বতীপুর ইউনিয়নের খরপা গ্রামের মৃত মাহাতোর ছেলে।
অভিযানে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১০ লিটার তৈরি চোলাইমদ এবং মদ তৈরির ১০০ লিটার তরল কাঁচামাল (ওয়াশ) জব্দ করা হয়।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় জানিয়েছে, মাদকের উৎস নির্মূল এবং সরবরাহ বন্ধে জেলাজুড়ে তাদের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।














