খেয়াঘাট ব্রিজ এলাকা থেকে আটক, বিরামপুর সীমান্ত দিয়ে প্রবেশের তথ্য
ভোলায় অবৈধ অনুপ্রবেশ: ভারতীয় নাগরিক আটক, মাদকচক্রের সম্পৃক্ততার তথ্য
- আপডেট সময় : ০৩:৩৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

ভোলা সদর, ভোলা, বাংলাদেশ:
ভোলায় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী এক ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার (১১ এপ্রিল ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে ভোলা সদর থানাধীন খেয়াঘাট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, আটককৃত ব্যক্তি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, গত ৭ এপ্রিল ২০২৬ তারিখে দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে এক মাদকপাচারকারী চক্রের সদস্যের সহায়তায় তিনি বাংলাদেশে প্রবেশ করেন এবং আত্মগোপনে থাকার চেষ্টা করছিলেন।
আটক ব্যক্তির নাম আব্দুল মমিন (৩২)। তার পিতার নাম বসার আলী। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া জেলার বাঁশপুকুর গ্রামের বাসিন্দা।
পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ আবুল কাশেম জানান, দেশের উপকূলীয় ও সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং মাদকপাচার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






















