পতেঙ্গার ১৫ নম্বর ঘাটে অভিযান, ইঞ্জিন রুম থেকে উদ্ধার ১৫ কোটি টাকার ইয়াবা
চট্টগ্রামে ফিশিং বোটে ৫ লাখ ইয়াবা উদ্ধার, র্যাবের অভিযানে গ্রেপ্তার ৯
- আপডেট সময় : ০২:৪০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ১২৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম, বাংলাদেশ:
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় একটি ফিশিং বোটে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৭। এ ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— সৈয়দ আলম (৪৫), সুলতান আহম্মদ (৫৫), মো. ইউসুফ (৪৫), মো. কাসিম (৩০), মো. ইসমাইল (৪০), শাহ আলম (৩৫), আজম উল্লাহ (৫৭), মো. ফারুক (২৫) ও ছানাউল্লাহ (৫৭)। এদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা বলে জানিয়েছে র্যাব।
শনিবার (১১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
তিনি জানান, কক্সবাজার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ে একটি চক্র চট্টগ্রামের দিকে আসছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ৯ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
পরবর্তীতে ফিশিং বোটটি তল্লাশি করে ইঞ্জিন রুম থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজার সীমান্ত এলাকা থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে ফিশিং বোট বা ট্রলারের মাধ্যমে চট্টগ্রাম শহরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।






















