কৃত্রিম সংকট রোধে প্রশাসনের নিয়মিত মনিটরিং, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
রাজশাহীর দুর্গাপুরে অবৈধ মজুদবিরোধী অভিযান: ৫২৬ লিটার পেট্রোল-ডিজেল জব্দ, সরকার নির্ধারিত দামে বিক্রি
- আপডেট সময় : ১০:২৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

রাজশাহীঃ রাজশাহীর দুর্গাপুর উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ মনিটরিং অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৮ মার্চ ২০২৬) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে দুর্গাপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের তেঁতুলতলা এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা ৪০৫ লিটার পেট্রোল ও ১২১ লিটার ডিজেলসহ মোট ৫২৬ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।
পরে জব্দ করা জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে মোটরসাইকেল আরোহীদের মাঝে বিক্রি করা হয়। এ বিক্রি থেকে মোট ৬৪ হাজার ৩০৫ টাকা আদায় করা হয়েছে, যা সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিস্ফোরক লাইসেন্স যথাযথভাবে নবায়ন করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি খোলা তেল বিক্রি বন্ধ রাখা এবং তেল ক্রয়-বিক্রয়ের সঠিক রশিদ সংরক্ষণের জন্য সতর্ক করা হয়।
এ সময় উপস্থিত সাধারণ ক্রেতাদের প্রয়োজনের অতিরিক্ত তেল ক্রয় থেকে বিরত থেকে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানান প্রশাসনের কর্মকর্তারা।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে।
প্রশাসন এ ধরনের অনিয়ম কঠোরভাবে দমন করবে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং ন্যায্যমূল্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
তিনি আরও জানান, বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং জোরদার করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রশাসনের এমন তৎপরতা জনস্বার্থে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।






















