আশাশুনির পেট্রোল পাম্পে কৃত্রিম সংকটের অভিযোগে সরেজমিনে পরিদর্শন, এমপির কড়া নির্দেশে ভোক্তাদের মাঝে তেল বিক্রি শুরু
আশাশুনিতে পেট্রোল পাম্পে কৃত্রিম তেলের সংকট: এমপি রবিউল বাশারের হস্তক্ষেপে পুনরায় সরবরাহ শুরু
- আপডেট সময় : ১০:৩৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি |
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পেট্রোল পাম্পে কৃত্রিমভাবে জ্বালানি তেলের সংকট সৃষ্টি করে ভোক্তাদের হয়রানির অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শনে যান সাতক্ষীরা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। তার কঠোর অবস্থানের পরই পাম্পগুলোতে পুনরায় তেল বিক্রি শুরু হয় এবং স্বস্তি ফিরে আসে সাধারণ মানুষের মধ্যে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে তিনি আশাশুনি উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করেন। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে এলাকার কয়েকটি পাম্পে কৃত্রিম সংকট সৃষ্টি করে তেল বিক্রি বন্ধ বা সীমিত করে রাখা হচ্ছিল। এতে মোটরসাইকেল চালকসহ সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন।
এমন অভিযোগের ভিত্তিতে দুপুর ১২টার দিকে এমপি মুহাদ্দিস রবিউল বাশার প্রথমে বুধহাটা রহমান ফিলিং স্টেশন পরিদর্শন করেন। পরে তিনি মহেশ্বরকাটি ফিলিং স্টেশনে যান। সেখানে পরিদর্শনের সময় পাম্পে অকটেন মজুত থাকার প্রমাণ পান তিনি। অথচ সাধারণ ক্রেতাদের তেল না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ ওঠে।
এ সময় পাম্প মালিক ও কর্মচারীদের কঠোর হুঁশিয়ারি
দিয়ে এমপি বলেন, “কোনোভাবেই সাধারণ ভোক্তাদের হয়রানি করা যাবে না। পাম্পে মজুত থাকা তেল অবিলম্বে মানুষের কাছে বিক্রি করতে হবে।”
এমপির কড়া নির্দেশনার পরপরই পরিস্থিতির পরিবর্তন ঘটে। তার উপস্থিতিতেই পাম্প থেকে ভোক্তাদের মাঝে তেল সরবরাহ শুরু করা হয়। কয়েকদিন ধরে তেল না পেয়ে বিপাকে পড়া মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষ তেল পেয়ে স্বস্তি প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ভোক্তারা দ্রুত পদক্ষেপ নেওয়ায় এমপি মুহাদ্দিস রবিউল বাশারের ভূয়সী প্রশংসা করেন।
পরিদর্শনকালে আশাশুনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা নুরুল আবসার মুরতাজা, বুধহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও সাতক্ষীরা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট শহিদুল ইসলাম এবং এমপির ব্যক্তিগত সহকারী (পিএ) শরিফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।














