চিলাদী ও মাহদাবপুর এলাকার সড়ক সংস্কারের দাবি স্থানীয়দের
নোয়াখালীর সেনবাগে পাকা সড়কের বেহাল দশা, ব্রিকফিল্ডের মাটি কাটায় ভোগান্তিতে জনসাধারণ
- আপডেট সময় : ০১:৩০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চিলাদী গ্রামসহ আশপাশের বিভিন্ন পাকা সড়কের বেহাল অবস্থা বিরাজ করছে। দীর্ঘদিন ধরে এসব সড়ক সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা জানান, আশপাশে গড়ে ওঠা কয়েকটি ব্রিকফিল্ডে মাটি সরবরাহের জন্য ভারী যানবাহন চলাচল এবং নির্বিচারে মাটি কাটার কারণে এলাকার সড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে শুধু সড়কই নয়, আশপাশের কৃষিজমিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
চিলাদী গ্রাম, মাহদাবপুর গ্রামসহ আশপাশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের একই অবস্থা। বৃষ্টি হলেই সড়কগুলো কাদা ও গর্তে পরিণত হয়, ফলে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।
এলাকার বাসিন্দারা জানান, এসব সড়কের পাশেই রয়েছে পাঁচ কুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা, কিন্ডারগার্টেনসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন কয়েক হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ এসব সড়ক ব্যবহার করে চলাচল করেন। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীদের স্কুল-কলেজ ও মাদ্রাসায় যেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের দাবি, বর্তমান পরিস্থিতিতে এসব সড়ক দেখে বোঝার উপায় নেই যে এগুলো পাকা রাস্তা। দ্রুত সংস্কার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তারা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।














