ফিলিং স্টেশনে তেলের সংকট, বাইকারদের লাইনে দাঁড়ানোর সময় বৃদ্ধি
রাজশাহীতে জ্বালানি তেলের তীব্র সংকট, বাইকারদের ভোগান্তি বৃদ্ধি
- আপডেট সময় : ০৩:১০:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

মো: গোলাম কিবরিয়া |
রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহী বিভাগে হঠাৎ করে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেনের সরবরাহে ঘাটতি থাকায় সাধারণ মানুষ ও মোটরসাইকেল চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে।
নগরীর ভাটাপাড়ার বাসিন্দা জানিয়েছেন, তিনটি ফিলিং স্টেশন ঘুরেও তিনি মাত্র ৮০০ টাকার তেল পেতে সক্ষম হয়েছেন। এই পরিস্থিতিতে অনেক স্টেশন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এবং পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, রাজশাহী বিভাগের আট জেলায় মোট ২৭৯টি ফিলিং স্টেশন রয়েছে। গত তিন দিন ধরে সরবরাহ ঘাটতির কারণে সংকট প্রকট আকার ধারণ করেছে।
রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, “মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে তেল সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। স্টেশনগুলো চাহিদা অনুযায়ী তেল পাচ্ছে না, ফলে সীমিত পরিমাণে বিক্রি করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হওয়ায় কেউ নিয়মিত বাইক ব্যবহার না করলেও অতিরিক্ত তেল কেনার চেষ্টা করছেন। তাই সংকট আরও দৃশ্যমান হচ্ছে।”
তেলের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সময় এখনও নির্ধারণ করা যায়নি।














