রাস্তার বেহাল দশায় দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ
ফরিদপুরের সালথায় ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ
- আপডেট সময় : ১২:৫৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে

মোঃ ইলিয়াছ খান |
সালথা উপজেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙারদিয়া গ্রামের দীর্ঘদিনের ভাঙা রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার বেহাল অবস্থার কারণে এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।
বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সকাল থেকে গ্রামের সাধারণ মানুষ রাস্তার মাঝখানে খুঁটি পুঁতে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। তারা জানান, দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে চলাচল করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, বিগত কয়েক বছর ধরে রাস্তার কোনো সংস্কার কাজ হয়নি। ফলে বৃষ্টি হলে রাস্তা কাদায় পরিণত হয় এবং শুকনো মৌসুমে ধুলা ও গর্তে ভরে যায়। এতে করে সাধারণ মানুষসহ শিক্ষার্থী ও রোগীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
এলাকাবাসী আরও জানান, এই রাস্তা দিয়ে প্রায়ই ভারী যানবাহন চলাচল করে, যার কারণে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে পড়েছে। বাধ্য হয়ে অনেক মানুষ পাশের ফসলি জমির মধ্য দিয়ে চলাচল করছেন। এতে করে কৃষকদের ফসল ও জমির ক্ষতি হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, বৃষ্টির দিনে এই রাস্তা দিয়ে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। বিশেষ করে নারী ও শিশুদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়। জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালেও নেওয়া কঠিন হয়ে পড়ে।
এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক এবং ভবিষ্যতে এই সড়কে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
তারা সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।














