মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারায় দণ্ড
বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ব্যবসায়ীর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড
- আপডেট সময় : ১০:২৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

গোকুল চন্দ্র রায় |
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে সিরাজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ মার্চ ২০২৬) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিকাল ৫টার দিকে বীরগঞ্জ থানার এসআই আতাউর রহমান ও এএসআই আরিফুল ইসলামের নেতৃত্বে উপজেলার ৩ নম্বর শতগ্রাম ইউনিয়নের ধুলাউড়ী গ্রামে মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে মোতালেব হোসেনের ছেলে সিরাজুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
আটকের সময় তার কাছ থেকে গাঁজা সেবনের সরঞ্জামাদিসহ প্রায় ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারায় অভিযুক্তকে ১০০ টাকা জরিমানা এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বীরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।














