পুলিশি অভিযানে গ্রেফতার ৫, ন্যায়বিচার নিশ্চিত করতে অভিযান চলবে অব্যাহত
আমেনা হত্যায় ডিআইজির কঠোর নির্দেশ: ঘটনার স্থান পরিদর্শন, ৫ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৯:৩০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

রাজ উদ্দিন | নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর মাধবদীতে কিশোরী আমেনাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক কঠোর নির্দেশনা দিয়েছেন অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তিনি মাধবদী থানাধীন মহিষাশুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দী এলাকায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি নিহতের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সাইফুজ্জামান ফারুকী এবং নরসিংদী জেলার পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় নিহতের মা মাধবদী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় এখন পর্যন্ত মূল আসামি দুইজনসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান অব্যাহত রেখেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলা ও রেঞ্জ পুলিশ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে কার্যক্রম তৎপর রয়েছে।






















