সীমান্ত সুরক্ষায় কঠোর নজরদারি, সকল বিওপিকে সতর্ক থাকার নির্দেশ
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ লাখ ৪৭ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ
- আপডেট সময় : ০২:৫১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

মোঃ জাকারিয়া হোসেন |
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৬ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়ন।

চলতি ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে মোবাইল ফোন, গরু এবং ভারতীয় মদ জব্দ করা হয়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।
বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের সদস্যদের পেশাদারিত্ব ও তৎপরতায় এসব চোরাচালান পণ্য আটক করা সম্ভব হয়েছে।
অধিনায়ক আরও জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক ও অন্যান্য চোরাচালান পণ্য পাচার রোধে সংশ্লিষ্ট সকল বিওপিকে সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
তিনি বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।














