ঢাকা-খুলনা মহাসড়কের রিশাতলায় মর্মান্তিক দুর্ঘটনা, চিকিৎসাধীন অবস্থায় দুই শিক্ষার্থীর মৃত্যু
গোপালগঞ্জের মুকসুদপুরে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে ২ স্কুলছাত্র নিহত
- আপডেট সময় : ১০:৩৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে

লুৎফর সিকদার | গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রিশাতলা এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাফছান রাফি (১৫) ও অনুজ (১৬)। তারা দু’জনই মুকসুদপুর উপজেলা সদরের সরকারি এস জে মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। রাফছান রাফি দক্ষিণ চন্ডিবরদী গ্রামের জাহিদ মিয়ার ছেলে এবং অনুজ শিমুলশুর গ্রামের শিশির কর্মকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হয়।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাফছান রাফিকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে আহত অনুজ চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যায়।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা সড়কে বেপরোয়া যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও নিরাপদ সড়ক নিশ্চিতের দাবি জানিয়েছেন।














