মাদক, টেন্ডারবাজি ও চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার
কিশোরগঞ্জ-২ আসনে এমপি জালাল উদ্দিনের ঘোষণা: কটিয়াদী-পাকুন্দিয়াকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করা হবে
- আপডেট সময় : ০৭:৪৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

এ.এস.এম হামিদ হাসান |
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন কটিয়াদী ও পাকুন্দিয়াকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
তিনি বলেছেন, “আমি কোনো মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী বা চাঁদাবাজকে আশ্রয়-প্রশ্রয় দেব না। প্রশাসনের কাছে আমার নাম বলে কেউ যেন অবৈধ সুবিধা নিতে না পারে—সেটিও আমি চাই না।”
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবনির্বাচিত এমপি বলেন, “কটিয়াদী ও পাকুন্দিয়াকে মাদকমুক্ত করবই। মাদক বিক্রি করে এ সমাজকে ধ্বংস হতে দেওয়া যায় না। সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদক কারবারিদের জন্য একটাই বার্তা—কোনো ছাড় দেওয়া হবে না।”
তিনি প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কেউ যেন তাঁর নাম ব্যবহার করে অনৈতিক সুবিধা আদায় করতে না পারে।
বিশেষ করে যারা সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, ভিপি মো. কামাল উদ্দিন, আবদুল কদ্দুছ, পৌর বিএনপির সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও স্থানীয় নেতাকর্মীরা।
এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য উপজেলা পরিষদ মিলনায়তনে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।






















