দাঙ্গা-কাইজ্জ্যা রোধে নজরদারি বৃদ্ধি, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের ঘোষণা
সালথায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার বিশেষ অভিযান, বাজারকেন্দ্রিক সংঘর্ষে কঠোর অবস্থানে পুলিশ
- আপডেট সময় : ০৮:৩৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

মোঃ ইলিয়াছ খান |
সালথা উপজেলা প্রতিনিধি,ফরিদপুরঃ
ফরিদপুরের সালথা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে সালথা থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া, নটখোলা ও ময়েনদিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি স্থানীয় একটি বাজারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে দাঙ্গা ও কাইজ্জ্যা-মারামারির ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাৎক্ষণিকভাবে সালথা থানা পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার হাটের দিন হওয়ায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে এলাকায় টহল জোরদার করা হয়। সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খানের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় থানার তদন্ত ওসি কেএম মারুফ হাসান রাসেলসহ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে ওসি মোঃ বাবলুর রহমান খান বলেন, “বাজারকে কেন্দ্র করে যে দাঙ্গা-কাইজ্জ্যার ঘটনা ঘটেছিল, তা নিয়ন্ত্রণে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করতে পারেন, সে জন্য আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। যারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানায়, ভবিষ্যতে যেন এ ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য এলাকায় নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। সালথায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।














