দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) এলাকায় আইনশৃঙ্খলা জোরদারে কঠোর অবস্থান
দিনাজপুর–১ আসনে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি মনজুরুল ইসলামের কড়া বার্তা
- আপডেট সময় : ১০:৩০:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

গোকুল চন্দ্র রায় |
বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মনজুরুল ইসলাম সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন।
তিনি স্পষ্টভাবে বলেছেন, রাজনৈতিক দলের নাম ব্যবহার করে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এমপি মনজুরুল ইসলাম এ কড়া বার্তা দেন। তিনি উল্লেখ করেন, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নাম ভাঙিয়ে কেউ যদি সন্ত্রাসী কার্যকলাপ বা চাঁদাবাজিতে লিপ্ত হয়, তবে দল বা ব্যক্তিগত পরিচয় কোনোভাবেই তাকে রক্ষা করতে পারবে না।
তিনি আরও বলেন, “দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এমপি মনজুরুল ইসলামের এই বক্তব্যে দিনাজপুর–১ আসনের সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, তার কঠোর অবস্থান এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধের সংস্কৃতি বন্ধে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে।
এলাকাবাসীর মতে, সাম্প্রতিক সময়ে কিছু অসাধু ব্যক্তি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এমপির এই বার্তা তাদের জন্য সতর্ক সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে।
ফলে দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।














