ফাটাপাড়ায় কালাম আলীর বাড়িতে রাতের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ঘর, তদন্তে পুলিশ
চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বোমা বিস্ফোরণ: দুজন নিহত, আহত তিন
- আপডেট সময় : ০৪:১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ১১০ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার রাতের এই বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের ভাষ্য, রাতের নীরবতা ভেঙে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ফাটাপাড়া এলাকার কালাম আলীর বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার ব্যবস্থা করেন।
তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, বিস্ফোরণের পরপরই আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তদন্ত শুরু করেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, বিস্ফোরণের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ চলছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম বলেন, “বিস্ফোরণে দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা এখনো নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেননি। ঘটনাটি ফাটাপাড়ার কালাম আলীর বাড়িতে ঘটেছে।”
এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।














