উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখছে র্যাব
কুমিল্লায় পুকুর সেঁচে ৩টি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
- আপডেট সময় : ০৯:০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার সদর উপজেলার কটকবাজার এলাকায় দুটি পুকুরে সেচ অভিযান চালিয়ে ৩টি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করেছে র্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যরা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৩টার দিকে জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কটকবাজার এলাকায় র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান শুরু করে। দীর্ঘ সময় ধরে চলা সেচ ও উদ্ধার কার্যক্রম শেষে বেলা সাড়ে ১১টার দিকে অভিযান সমাপ্ত হয়।
র্যাব সূত্র জানায়, অভিযানে পুকুরের পানিতে লুকিয়ে রাখা অবস্থায় ৩টি বিদেশি পিস্তলসহ মোট ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়াও উদ্ধার করা হয়েছে ২৯ রাউন্ড গুলি, একাধিক চাইনিজ কুড়াল এবং অন্যান্য দেশীয় অস্ত্র।

এ বিষয়ে দুপুর ১২টার দিকে র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, মঙ্গলবার ভোর থেকেই অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালিত হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো কারা এবং কী উদ্দেশ্যে সেখানে মজুদ করেছিল—সে বিষয়ে তদন্ত চলছে।
তিনি আরও জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তদন্ত অগ্রগতি অনুযায়ী পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।






















