“মিট দ্য প্রেসে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক নিরাপত্তার অঙ্গীকার”
“চকরিয়ায় সাংবাদিকদের জন্য স্থায়ী ক্লাব ভবন নির্মাণের ঘোষণা দিলেন সালাহউদ্দিন আহমেদ
- আপডেট সময় : ০৫:১৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “সাংবাদিকদের ঐক্যই গণতন্ত্রের শক্তি।” তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে চকরিয়ায় আধুনিক ও স্থায়ী সাংবাদিক ক্লাব ভবন নির্মাণের ঘোষণা দিয়েছেন।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চকরিয়ার রয়েল ক্লাব মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন। মতবিনিময় সভায় গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়। একটি সমৃদ্ধ চকরিয়া-পেকুয়া ও আগামীর বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের অনিয়ম-দুর্নীতি তুলে ধরেন এবং জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করেন।”
তিনি আরও বলেন, নির্বাচনের পর উপযুক্ত স্থান নির্ধারণ করে আধুনিক সাংবাদিক ক্লাব ভবন নির্মাণে সার্বিক সহযোগিতা করবেন এবং ভবিষ্যতেও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে পাশে থাকবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা। সভাটি সাংবাদিক ও রাজনৈতিক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।














