লিচু বাগানে পরিত্যক্ত ব্যাগ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী উদ্ধার
শিবগঞ্জে র্যাবের সফল অভিযানে ৩ কেজি ৩০৬ গ্রাম গান পাউডার উদ্ধার
- আপডেট সময় : ০৮:৪৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র্যাবের সফল অভিযানে বিপুল পরিমাণ গান পাউডার ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ থানাধীন ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৫নং বেরিবাঁধ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ থেকে শনিবার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে— ঘোড়াপাখিয়া ইউনিয়নের বেরিবাঁধ সংলগ্ন জনৈক পলাশের লিচু বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় দুটি প্লাস্টিকের ব্যাগ পড়ে আছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৫ ক্যাম্পের একটি চৌকস দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে ব্যাগ দুটি তল্লাশি করে। এ সময় পলিথিনে মোড়ানো সাদা, কালো ও হলুদ রঙের মোট ৩ কেজি ৩০৬ গ্রাম গান পাউডার সদৃশ গুঁড়া পদার্থ উদ্ধার করা হয়।
এছাড়াও ককটেল তৈরির কাজে ব্যবহৃত ৮৫৫ গ্রাম কাঁচের গুঁড়া, ৮০২ গ্রাম পাথর, ১৮৭ গ্রাম লোহার পেরেক, ২টি লাল রঙের কসটেপ, ১২টি জর্দার কৌটা এবং ৬টি গ্যাস লাইটার আলামত হিসেবে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, অবৈধ বিস্ফোরক ও নাশকতামূলক কর্মকাণ্ড রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।





















