হাইকোর্টের আদেশ অমান্য করে কৃষিজমির মাটি উত্তোলন: ভ্রাম্যমান আদালত ৫ ইটভাটাকে জরিমানা
কুমিল্লায় কৃষিজমির মাটি সংগ্রহের অভিযোগে ৫ ইটভাটাকে ১৩ লক্ষ টাকা জরিমানা
- আপডেট সময় : ১০:৪৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা সদর দক্ষিণের চৌয়ারা, গলিয়ারা ও জোড়কানন পশ্চিম ইউনিয়নে অভিযান পরিচালনা করে কৃষিজমির মাটি সংগ্রহের অভিযোগে ৫টি ইটভাটাকে ১৩ লক্ষ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত
সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার, পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মোঃ রায়হান মোর্শেদ, পরিদর্শক জোবায়ের হোসেন, সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
ভ্রাম্যমান আদালত জানায়, মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে আবাদযোগ্য কৃষিজমির মাটি সংগ্রহ করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী জরিমানা করা হয়েছে।
চৌয়ারা ইউনিয়নের ফুনকা ব্রিকসকে ৫ লাখ, গলিয়ারা ইউনিয়নের লিজা ব্রিকসকে ২ লাখ এবং জোড়কানন পশ্চিম ইউনিয়নের রহমান ব্রিকস, ইউনূস ব্রিকস ও ইলিয়াছ ব্রিকসকে প্রতিটি ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার বলেন, “কৃষিজমির মাটি রক্ষায় উপজেলা প্রশাসন সদা সতর্ক রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এ ঘটনায় প্রশাসন কৃষিজমির মাটি অবৈধভাবে উত্তোলন প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।














