লাখো ভক্তের উপস্থিতিতে আধ্যাত্মিক মিলনমেলা, দেশ-জাতি ও বিশ্বমানবতার কল্যাণে বিশেষ দোয়া
বিশ্বশান্তি ও মানবতার কল্যাণে আখেরি মোনাজাত, মাইজভাণ্ডারে ১২০তম ওরশ সম্পন্ন
- আপডেট সময় : ০৫:০১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

লাখো ভক্তের ‘আমিন, আমিন’ ধ্বনিতে এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, শৃঙ্খলা ও দেশ-জাতির কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক গাউছুল আজম হযরত মওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.)-এর ১২০তম বার্ষিক ওরশ শরীফ। শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে আখেরি মোনাজাত পরিচালনা করেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)।
আখেরি মোনাজাতে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে বাংলাদেশসহ সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদের হেফাজত, দেশ ও জাতির স্থায়িত্ব, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে বিশ্বব্যাপী হানাহানি বন্ধ এবং মানবতার কল্যাণে দোয়া করেন।
ওরশ শরীফ উপলক্ষে সাজ্জাদানশীনের সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় এবং নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর তত্ত্বাবধানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো আশেক-ভক্ত মাইজভাণ্ডার দরবার শরীফে সমবেত হন। বাংলাদেশ ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, মালয়েশিয়া ও ওমানসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য ভক্ত-অনুরক্ত এই আধ্যাত্মিক মিলনমেলায় অংশগ্রহণ করেন।
মোনাজাতের আগে ভক্তদের উদ্দেশ্যে সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী বলেন, বর্তমান অস্থির বিশ্বে শান্তির জন্য মাইজভাণ্ডারী ত্বরিকা এক অনন্য আলোকবর্তিকা। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবপ্রেম ও ভালোবাসার যে শিক্ষা গাউছুল আজম মাইজভাণ্ডারী দিয়ে গেছেন, তা ধারণ করলেই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। আত্মশুদ্ধির মাধ্যমে হিংসা-বিদ্বেষ পরিহার করে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
১০ দিনব্যাপী ওরশ কর্মসূচির বিষয়ে নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী জানান, আগত ভক্তদের নিরাপত্তা ও সেবায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টায় এই বৃহৎ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।














