নির্বাচন সামনে রেখে ফুলবাড়ীতে দিনব্যাপী গণসংযোগ ও পথসভা, সাধারণ মানুষের ব্যাপক সাড়া
কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী পনির উদ্দিনের ব্যাপক গণসংযোগ, ফুলবাড়ীতে পথসভা
- আপডেট সময় : ০৯:৪৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

মোঃ মশিউর রহমান | কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম-২ সংসদীয় আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ ব্যাপক গণসংযোগ ও পথসভা কর্মসূচি পালন করেছেন।
রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী বাজার, আছিয়া বাজারসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন তিনি।
এ সময় স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, তরুণ সমাজ ও প্রবীণদের সঙ্গে কুশল বিনিময় করেন জাতীয় পার্টির এই প্রার্থী।

গণসংযোগকালে বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় পনির উদ্দিন আহমেদ জাতীয় পার্টির নীতি, আদর্শ ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে পনির উদ্দিন আহমেদ বলেন, “কুড়িগ্রামবাসীর জন্য আমাদের অঙ্গীকার—শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করা, মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা গড়ে তোলা, নদীভাঙন ও চরাঞ্চলের তরুণদের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি এবং উন্নয়নের প্রতিটি স্তরে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করা।”
তিনি আরও বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে সৎ নেতৃত্ব ও আদর্শভিত্তিক রাজনীতির বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সদস্য সচিব এস কে বাবু আহমেদ, কুড়িগ্রাম সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব নূরে এরশাদ সিদ্দীক, আসাদুজ্জামান পলিন, লাভলু, মজনু, রাহুলসহ দলীয় নেতাকর্মীরা। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।














