চাঁপাইনবাবগঞ্জে ১৯টি চেকপোস্টে তল্লাশি, ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন—নির্বাচন শান্তিপূর্ণ রাখতে জোরদার নিরাপত্তা ব্যবস্থা
চাঁপাইনবাবগঞ্জে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ১৯ চেকপোস্টে বিজিবি তল্লাশি, ১৫ প্লাটুন মোতায়েন
- আপডেট সময় : ০৭:৪৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৯টি স্থায়ী ও অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে এই প্রস্তুতি জোরদার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) ২৫ জানুয়ারি রবিবার বিকাল সাড়ে ৩টায় জেলার মাল্টিপারপাস শেডে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, “চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে বিজিবি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে ভোটারদের নিরাপদ ভোটাধিকার নিশ্চিত করতে বিজিবি নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে। সীমান্তবর্তী এলাকার কিছু বিওপিতে জনবল বৃদ্ধি করা হয়েছে এবং বডি অন ক্যামেরা, নাইট ভিশন গগলস ও বাইনোকুলারের মাধ্যমে টহল ও সীমান্ত নজরদারি আরও জোরদার করা হয়েছে।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে পূর্ণমাত্রায় বিজিবি মোতায়েন থাকবে। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে শিবগঞ্জ উপজেলায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ৩ প্লাটুন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ভোলাহাটে ৪ প্লাটুন, নাচোলে ২ প্লাটুন ও গোমস্তাপুরে ২ প্লাটুন—মোট ১১ প্লাটুন মোতায়েন থাকবে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে সদর উপজেলায় ৪ প্লাটুন দায়িত্ব পালন করবে। এতে জেলায় সর্বমোট ১৫ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে।
এছাড়া সারাদেশের ৩০০টি আসনে ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। যেকোনো জরুরি পরিস্থিতিতে বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিট, হেলিকপ্টার ও কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে।














