মহিলা পথচারীকে বাঁচাতে গিয়ে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গুরুতর আহত; পরে হাসপাতালে মৃত্যু
পটিয়ায় মহিলা পথচারীকে বাঁচাতে গিয়ে বাইক আরোহী ফজলুল হক চুমকু নিহত
- আপডেট সময় : ০৮:৪০:১৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

ফারুকুর রহমান বিনজু | পটিয়া,চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মনসা বাদামতল এলাকায় এক মহিলাকে বাঁচাতে গিয়ে বাইক আরোহী ফজলুল হক চুমকু (৪৮) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৮টার দিকে বন্ধু মোস্তফাকে নিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
চুমকুর চাচাত ভাই সাবেক ইউপি সদস্য আবদুল মোতালেব মুনু জানান, চুমকু ও তার বন্ধু মোস্তফা প্রতিদিনের মতো বাইক নিয়ে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে একটি ভবঘুরে মহিলা রাস্তা পার হওয়ার চেষ্টা করেন।
এসময় মহিলাটি বাইকের সামনে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে চুমকু বাইক নিয়ন্ত্রণ হারান এবং সড়কের পাশে গর্তে পড়ে যান। দুর্ঘটনায় দু’জনই অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেও পরে চুমকু বমি শুরু করেন।
পরিবারের সদস্যরা চুমকুকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও রাত ৯টার দিকে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ফজলুল হক (চুমকু) মনসা বাদামতল এলাকার আলী নেওয়াজ বাড়ির মৃত আবুল হোসেনের পুত্র এবং হাবিলাসদ্বীপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফৌজুল কবির কুমারের বড় ভাই।তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকার মানুষ গভীর শোকাহত।














