চর ইসলামপুর এলাকায় বিশেষ অভিযানে হাতেনাতে গ্রেপ্তার, থানায় নিয়মিত মামলা
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে স্বামী-স্ত্রী আটক, ১ কেজি গাঁজা উদ্ধার
- আপডেট সময় : ১১:১৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ | চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে স্বামী-স্ত্রীকে এক কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
মাদক নির্মূলে চলমান কঠোর অভিযানের অংশ হিসেবে গত ১৯ জানুয়ারি খ্রি. বিকাল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন চর ইসলামপুর এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি সূত্র জানায়, অভিযানে যৌথভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোঃ মোতাজুল (৩০) ও তার স্ত্রী মোসাঃ জোসনারা বেগম (৫০)-কে গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই চর ইসলামপুর এলাকার স্থায়ী বাসিন্দা।
গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে একটি বাজার ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো ১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে মাদক সংরক্ষণ ও সরবরাহের সঙ্গে জড়িত ছিল।
এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করেছেন।
ডিএনসি কর্তৃপক্ষ জানায়, পরিবারকে ব্যবহার করে মাদক ব্যবসা পরিচালনা করা সমাজের জন্য মারাত্মক হুমকি। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।তারা সবাইকে মাদককে না বলার আহ্বান জানিয়েছেন।














